• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

জেলা পরিষদ উন্নয়ন সহায়তায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের জেলা পর্যায়ের অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর অনুকূলে ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় “জেলা পরিষদ উন্নয়ন সহায়তা” খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা সরকারি আদেশে জানানো হয়, দেশের ৬১টি জেলা পরিষদের অনুকূলে পৃথকভাবে এ বরাদ্দ প্রদান করা হয়েছে। অধিকাংশ জেলা পরিষদ পেয়েছে ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে এবং কিছু জেলা পেয়েছে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে।

বরাদ্দপ্রাপ্ত জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, জয়পুরহাটসহ মোট ৬১টি জেলা।

সরকারি আদেশ অনুযায়ী, এ অর্থ জেলা পরিষদগুলো নিজ নিজ এলাকায় সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ২০০৬, সরকারি ক্রয় বিধিমালা ২০২৫, জেলা পরিষদ এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা ২০২২ এবং সংশ্লিষ্ট আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ভার বহন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বরাদ্দের মাধ্যমে জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং স্থানীয় জনগণের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা