কানাডায় ইউক্রেনের জন্য চালকবিহীন বিমান বা ড্রোন উৎপাদন কার্যক্রম নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন সংকটে কানাডা সরাসরি জড়িয়ে পড়েছে এবং নিজেদের শান্তিপ্রিয় অবস্থান থেকে সরে গিয়ে যুদ্ধমুখী ভূমিকা নিচ্ছে। তার দাবি, এই পরিস্থিতির জবাবে মস্কো প্রয়োজনীয় কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, ইউক্রেনের সামরিক ব্যবহারের জন্য কানাডার মাটিতে যেসব চালকবিহীন বিমান তৈরির কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলোর অবস্থান জনসমক্ষে প্রকাশ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তার ভাষায়, স্থানীয় জনগণকে সচেতন করতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
সম্প্রতি কানাডা ও ইউক্রেনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় কানাডায় ইউক্রেনীয় বাহিনীর জন্য চালকবিহীন বিমান উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বছরে কয়েক হাজার এমন বিমান তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।
রাশিয়ার অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে কানাডা পরোক্ষভাবে সংঘাতকে উসকে দিচ্ছে এবং ইউক্রেনকে সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে। মস্কোর দাবি, এসব অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।
তাস সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে রাশিয়া নিজেদের সামরিক ও রাজনৈতিক কৌশলে নতুন বাস্তবতা হিসেবে বিবেচনা।
বাংলাদেশ নিউজ টুডে / এস.এ