বিনোদন ডেস্কঃ
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদ সায়ন্তিকা ব্যানার্জি এবার নির্বাচনী মাঠে পরাজয়ের মুখ দেখেছেন। বরাহনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী সজল ঘোষের কাছে বড় ব্যবধানে হেরে যান।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সায়ন্তিকা। সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি, তবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ধীরে ধীরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বেও যুক্ত হন, এক পর্যায়ে পান রাজ্য সম্পাদক পদ।
পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বরাহনগর কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দিলে ওই আসনে উপনির্বাচনের সুযোগ পান সায়ন্তিকা ব্যানার্জি। সেই উপনির্বাচনে তিনি বিজেপির সজল ঘোষকে পরাজিত করে প্রথম বড় রাজনৈতিক সাফল্য অর্জন করেন।
কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে চিত্র সম্পূর্ণ ভিন্ন। একই প্রতিদ্বন্দ্বী সজল ঘোষের কাছেই তিনি প্রায় ১৬ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। এর আগে তিনি সজল ঘোষকে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন, সেই হিসাব এবার উল্টে যায়।
নির্বাচনী প্রচারে তাঁর পাশে ছিলেন টালিউড অভিনেতা ও সাংসদ দেবসহ একাধিক তৃণমূল নেতা। ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে জয় ছিনিয়ে নিতে পারেননি সায়ন্তিকা ব্যানার্জি।