আলমগীর কবীর হৃদয় (স্টাফ রিপোর্টার):
পাবনায় মাদক ও জাল নোটবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ হাজার টাকা মূল্যের জাল বাংলাদেশি নোট উদ্ধার করা হয়। অভিযানের সময় অপর এক আসামি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে পাবনা সদর থানার সিংগা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রায়হানুল ইসলাম রানা (৪০), সাং- শালগাড়িয়া (তালবাগান), পাবনা সদর এবং মো. আকাশ খান (২৪), সাং- সিংগা উত্তরপাড়া, পাবনা সদর। পলাতক আসামি মো. পলাশ (২৮), সাং- পশ্চিম সাধুপাড়া, পাবনা সদর।
অভিযানকালে রায়হানুল ইসলাম রানার দেহ তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ টাকা মূল্যমানের ২৪টি জাল নোট, যার মোট মূল্য ১২ হাজার টাকা, উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হানুল ইসলাম রানা জানান, উদ্ধার হওয়া জাল নোট তিনি আকাশ খানের কাছ থেকে সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশ খানকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আকাশ খান জানান, জাল নোটগুলো তিনি তার খালাতো ভাই মো. পলাশের কাছ থেকে পেয়েছেন। এরপর পলাশকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলে তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক তদন্তে ডিবি পুলিশের ধারণা, আসামিরা পরস্পরের যোগসাজশে জাল নোট সংগ্রহ, সংরক্ষণ ও বাজারে প্রচলনের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এছাড়া গ্রেপ্তারকৃত রায়হানুল ইসলাম রানার কাছ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগও আনা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজন এবং পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-এ/২৫-বি ধারায় এবং রায়হানুল ইসলাম রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় পৃথক অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জাল নোট ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।