যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৫ মে) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে স্থানীয় সময় ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তার জানাজার আয়োজন করা হয়েছে।
এদিকে, একই ঘটনায় নিহত আরেক পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তনে এ সম্মাননা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে একজন সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।