নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, ঠিক তখনই তার সঙ্গে যুক্ত এক জটিল পারিবারিক সম্পর্কের ব্যাখ্যা তুলে ধরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট বক্তা ও ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো অ্যান্ড কনসালটেন্ট’-এর প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমী।
বুধবার (৬ মে) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পারিবারিক সম্পর্কের একটি দীর্ঘ ও জটিল ধারাবাহিকতা ব্যাখ্যা করেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কৌতূহল তৈরি করে।
পোস্টে কাসেমী উল্লেখ করেন, জনৈক হাফেজ ইমাম উদ্দিন সাহেবের সঙ্গে পারিবারিক সম্পর্কের সূত্র ধরেই তাদের মধ্যে একাধিক আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। তার ভাষ্যমতে, ইমাম উদ্দিন সাহেব তার বড় চাচার জামাতা হওয়ায় তিনি সম্পর্কে কাসেমীর দুলাভাই। অন্যদিকে, ইমাম উদ্দিন সাহেবের দ্বিতীয় স্ত্রীর কন্যাকে কাসেমী বিয়ে করায় তিনি একই সঙ্গে তার শ্বশুরও হন বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া, রফিকুল ইসলাম মাদানীর বিয়ের সূত্রে ইমাম উদ্দিন সাহেবের আরেক পারিবারিক সম্পর্ক যুক্ত হওয়ায় বিষয়টি আরও জটিল পারিবারিক সমীকরণে রূপ নেয় বলে পোস্টে ব্যাখ্যা করা হয়।
এই সম্পর্কের ধারাবাহিকতা টেনে কাসেমী তার পোস্টে রসিকতাপূর্ণ ভঙ্গিতে মন্তব্য করেন, “মাদানী ভাইও শেষ পর্যন্ত আমার শ্বশুর হয়ে গেলেন—কারণ শ্বশুরের ভায়রা ভাইও এক অর্থে শ্বশুরই।”
তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে আলোচনার পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি করে।
এদিকে, এর আগে রফিকুল ইসলাম মাদানী তার দ্বিতীয় বিয়ের বিষয়ে ফেসবুকে দীর্ঘ ব্যাখ্যা দিয়ে জানান, তিনি ধর্মীয় বিধান মেনে হালাল পথে জীবন পরিচালনার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথাও উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন এবং দুই স্ত্রীর মধ্যে ন্যায়বিচার বজায় রাখার জন্য দোয়া কামনা করেন।
এই ঘটনার পর ইসলামি বক্তাদের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া ও আলোচনা দেখা যাচ্ছে। এর মধ্যেই মামুনুর রশিদ কাসেমীর ব্যাখ্যামূলক পোস্ট নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।