মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে এই ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রকল্পের আওতায় মহাসড়কের ৪৯০টি পিলারে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা। এসব ক্যামেরায় অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে।
আইন ভঙ্গকারী গাড়ির তথ্য সরাসরি বিআরটিএর ডেটাবেজে যাবে। এরপর নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই জরিমানা পরিশোধের সুযোগ থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই এআই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
বারবার আইন লঙ্ঘন করলে বিধি অনুযায়ী গাড়ির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।