• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের মুকুট ফিরে পেল ভারত

স্পোর্টস ডেস্কঃ / ১ বার
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে। জবাবে পুরো ২০ ওভার খেলেও ১১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

এই জয়ে ১০ আসরের মধ্যে অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতল ভারত।

ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। শেফালি ৩৯ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করে নারী এশিয়া কাপের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। এশিয়া কাপের ইতিহাসে দ্রুততম পাঁচটি ফিফটির তিনটিই এখন শেফালির দখলে।

অন্যদিকে মান্ধানা করেন ৩৯ বলে ৫৮ রান। দুই ওপেনারের ব্যাটে আসে ১২৯ রানের রেকর্ড জুটি। উদ্বোধনী জুটি তো বটেই, নারী এশিয়া কাপের ইতিহাসে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
ভারতের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৬ ও নিলাকশিকা সিলভা ২২ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। শেষ পর্যন্ত ১১১ রানেই থামে তাদের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শ্রী চারনি। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। টি-টোয়েন্টির সফলতম বোলারদের একজন দীপ্তি শর্মা নেন ৩ উইকেট। এ ছাড়া প্রেমা একটি উইকেট শিকার করেন।

ব্যাট হাতে রেকর্ড গড়ার পর বল হাতেও একটি উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেফালি ভার্মা। পুরো টুর্নামেন্টে ১৭১ স্ট্রাইক রেটে ২৩৬ রান করার পাশাপাশি দুটি উইকেট নিয়ে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসে দেখা যাবে নারী ক্রিকেটারদের লড়াই। আগামী বৃহস্পতিবার শুরু হবে নারী ক্রিকেটের সেই আসর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা