ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে গ্রেফতারদের পরিচয়, কোন কোন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে গুলশান ১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিলের পর থেকে তাদের ধরতে ধারাবাহিক অভিযানে নামে পুলিশ। পরবর্তী দুইদিনে মোট ৭২ জনকে গ্রেফতারের কথা জানিয়ে ডিএমপি বলেছিল, গ্রেফতাররা ‘শুক্রবারের মিছিলে অংশগ্রহণকারী’। তাদের অনেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।