ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশে ফিরে হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, যারা আক্রমণ করছে, তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়ছে। তারা মনে করছে, পার পেয়ে যাবে। এমন না যে শুধু দূর থেকে গালি দিয়েছে, স্লোগান দিয়েছে অথবা পানি মেরেছে। আমার গায়ে হাত তুলেছে তারা। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। তারা তাদের জায়গা অনিরাপদ করছে।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন
দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, আপনার পরিবার সাফার করবে। কিন্তু দলের যে বড় বড় নেতারা আছেন, যারা আপনাদের অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে উসকে দিচ্ছে, তাদের জীবন কিন্তু আপনাদের না। তিনি বলেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বাংলাদেশে টাকা পাঠান। আপনারা এগুলো আর প্লিজ কইরেন না।
প্রবাসে থাকা দলের সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দলকে ভালোবাসতে পারেন, সাপোর্ট করতে পারেন, কিন্তু আপনারা দলকানা হইয়েন না’।
বাঁধন আরও বলেন, ‘নেতাদের প্রতি একটাই অনুরোধ করব, আপনারা একটি বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন। আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করছেন। আপনারা এমন রূপরেখা তৈরি কইরেন না, যেটার জন্য ভবিষ্যতে আপনাদের লজ্জিত হতে হবে।’
উল্লেখ্য, গত সপ্তাহে ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে ইতালি যান বাঁধন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঘোরার সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু প্রবাসী নেতাকর্মী তার ওপর হামলা ও হেনস্তা চালায় বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনার প্রতিকারে তিনি ইতোমধ্যে ইতালিতে আইনি পদক্ষেপ (মামলা) গ্রহণ করেছেন।