আগামীকাল মঙ্গলবার থেকে শিল্প কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংগঠনগুলোর নেতারা।
এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, ব্যবসায়িক সংগঠনগুলো সরকারের ওপর আস্থা রাখতে চায়। একই সঙ্গে সরকারের নেওয়া পরিকল্পনাগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে—এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছে। নতুনটি ছাড়াও আগের দুটি মিলিয়ে সরকারের মোট পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ভাসমান টার্মিনালের পাশাপাশি স্থলভাগেও এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।