ভারতের বিজেপি শাসিত সব রাজ্যে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি—ইউসিসি দ্রুত কার্যকর করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সরকারের এই উদ্যোগকে ঘিরে বিশেষ করে দেশটির মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতে বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো ধর্ম ও সম্প্রদায়ভেদে প্রচলিত নিজস্ব আইন ও রীতির মাধ্যমে পরিচালিত হয়। এই ব্যবস্থার পরিবর্তে সব নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা বিজেপি সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য।
এরই মধ্যে ভারতের চারটি রাজ্যে ইউসিসি কার্যকর হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অধীনে থাকা ২১টি রাজ্যেই এই আইন বাস্তবায়নের আশা করছে সরকার।
তবে ইউসিসি নিয়ে মুসলিম নাগরিকদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব পারিবারিক রীতি অনুসরণের অধিকার নিয়ে শঙ্কা রয়েছে।
অন্যদিকে সমর্থকদের দাবি, ইউসিসি কার্যকর হলে বহুবিবাহের মতো প্রথা বন্ধের পাশাপাশি সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান অধিকার নিশ্চিত হবে। একই সঙ্গে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে মুসলিম নারীদের অধিকারও অন্য সম্প্রদায়ের নারীদের সমপর্যায়ে আসবে।
ভারতে প্রায় ২২ কোটি মুসলিমের বসবাস, যা দেশটির মোট জনসংখ্যার একটি বড় অংশ। ফলে ইউসিসি বাস্তবায়নের উদ্যোগ দেশটির রাজনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি করেছে।