রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারী ও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অর্ধশতাধিক সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া অঞ্চল থেকে আসা কিছু সাবেক কর্মী চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকের সামনে অবস্থান নেন। পরে গ্রাহক ফোরামের সদস্যরা সেখানে অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি ছত্রছায়ায় তাদের ওপর হামলা হয়েছে। তার দাবি, পাঁচজন গুরুতরসহ ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।
অন্যদিকে সাবেক কর্মী শহিদুল ইসলাম দাবি করেন, গ্রাহক ফোরামের সদস্যদের হামলায় তাদের ২০ থেকে ২৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির কর্মকর্তারা জানান, ইসলামী ব্যাংক টাওয়ার কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় সেখানে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পরিস্থিতি বিঘ্নিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।