জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাতসহ সাত আসামির মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, প্ররোচনা ও উসকানির অভিযোগ আনা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং সম্পত্তি বাজেয়াপ্তের প্রত্যাশা করছে।
এর আগে গত ১৭ আগস্ট মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এরপর রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয় মামলাটি।
চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত এবং যুবলীগ ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিচার শুরু হয়।
মামলায় শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও চিকিৎসকসহ ২৯ জন সাক্ষ্য দেন। এ ছাড়া শরীফ ওসমান হাদী লিখিত জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষ মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ ও তৎকালীন গোয়েন্দা পুলিশের প্রধান হারুনসহ ১৪ জনের কথোপকথনের তথ্য উপস্থাপন করে। এসব কথোপকথনে আন্দোলন দমন, ইন্টারনেট বন্ধ এবং টেলিভিশন সম্প্রচার বন্ধসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।