প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আলোচনা হলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। দেশের বাজারের চাহিদা মেটাতে ভারত থেকেই আমদানি হচ্ছে বিপুল পরিমাণ ইলিশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ। এর মধ্যে শুধু আগস্টেই এসেছে ৩ লাখ ২৩ হাজার কেজির বেশি। মোট ঘোষিত মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা শেষে এসব মাছ ছাড়পত্র দেওয়া হয়েছে এবং পরে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।
আমদানি করা ইলিশের দাম দেশি ইলিশের তুলনায় অনেক কম। এক থেকে এক কেজি ৩০০ গ্রাম ওজনের দেশি ইলিশ যেখানে ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা, সেখানে আমদানির একই আকারের মাছ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
তবে মাছের উৎস ও পরিচয় নিয়ে রয়েছে বিভ্রান্তি। অভিযোগ রয়েছে, আমদানি করা ইলিশকে পদ্মা, চাঁদপুর বা বরিশালের ইলিশ হিসেবে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এদিকে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে হয়।