আন্তর্জাতিক ডেস্কঃ
দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের স্বার্থে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লক্ষ্যে তিনি নাগরিকদের বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে স্বর্ণ কেনা থেকে অন্তত এক বছর বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
রোববার (১০ মে) এক বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সাশ্রয়ী জীবনযাপনে ফিরে যাওয়া এখন সময়ের দাবি।
মোদি উল্লেখ করেন, করোনাকালীন সময়ে মানুষ যেভাবে ‘ওয়ার্ক ফ্রম হোম’, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সিংয়ের মতো ডিজিটাল ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিল, সেই অভ্যাসগুলো আবারও জাতীয় স্বার্থে পুনরুজ্জীবিত করা প্রয়োজন।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাই জ্বালানি সাশ্রয় ও অপচয় কমানো এখন সবার দায়িত্ব।”
অর্থনীতির ওপর চাপ কমাতে জনগণকে আরও সাশ্রয়ী হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিয়ের ক্ষেত্রে অন্তত এক বছরের জন্য স্বর্ণ কেনা এড়িয়ে চলা উচিত। এতে দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা হ্রাসের আহ্বান জানান তিনি। মোদি বলেন, প্রাকৃতিক কৃষির দিকে অগ্রসর হলে একদিকে যেমন আমদানি ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ ও কৃষিজমিও সুরক্ষিত থাকবে।
বিশ্লেষকদের মতে, সরকারের এই আহ্বান মূলত অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করা ও আমদানি ব্যয় নিয়ন্ত্রণের বৃহত্তর কৌশলের অংশ।