স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের দল ঘোষণায় সবার আগে নিজেদের ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দলকে ঘোষণা করেন কোচ সের্গেই বারবারেজ।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বসনিয়া তাদের দলে রেখেছে অভিজ্ঞ তারকা এডিন জেকোকে। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার এখনো দলের আক্রমণভাগে বড় ভরসা হিসেবে আছেন।
অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার এরমিন মাহমিচ।
অস্ট্রিয়ায় জন্ম নেওয়া এই ফুটবলার বয়সভিত্তিক পর্যায়ে অস্ট্রিয়া ও বসনিয়া—দুই দেশেই খেলেছেন। তার অন্তর্ভুক্তিকে ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ হিসেবে দেখছেন কোচ বারবারেজ।
কোচ বলেন, মাহমিচ দলে যোগ দিয়ে অত্যন্ত আনন্দিত। তার খেলার ধরণে নতুনত্ব আছে এবং মাঝমাঠে সৃজনশীলতা বাড়াতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০১৪ সালের পর এবারই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে বসনিয়া। সেই সময়ের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে আছেন জেকো এবং সিড কোলাসিনাচ।
বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। প্রথমে উত্তর মেসিডোনিয়া এবং পরে পানামার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ১২ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বসনিয়া।