স্পোর্টস ডেস্কঃ
ভারতের গোয়ায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে তারা থাই ক্লাব কাসেম বুন্ডিট এফসিকে ২–০ গোলে হারিয়েছে।
ম্যাচের শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। ১৫ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন আনিকা। পরে ৭৭ মিনিটে উমহেলার গোল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ নারী দল। সেখানেই এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরুতে ম্যাচটি ১০ মে হওয়ার কথা থাকলেও পরে তা অনুষ্ঠিত হয় ১১ মে।
দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন কোচিং স্টাফরা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আগামী ১৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রতিপক্ষ ব্যাংকক স্পোর্টস এফসি।
২১ মে বাংলাদেশ দল ভারতে যাবে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। টুর্নামেন্টে ২৮ মে মালদ্বীপ এবং ৩১ মে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ।
টানা দুই আসরে শিরোপা জয়ের পর এবার হ্যাটট্রিক লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। অন্যদিকে স্বাগতিক ভারত এবার নিজেদের মাঠে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে খেলবে, ফলে প্রতিযোগিতা হবে আরও কঠিন ও উত্তেজনাপূর্ণ।