২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলায় নতুন করে আদালতের ডাক পেলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আগামী ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তৃতীয় অভিযোগপত্রে সাক্ষী হিসেবে নাম থাকায় আদালতে উপস্থিত হতে হবে এই অভিনেত্রীকে।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপি প্রতারণার অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনায় নোরা। সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন তিনি। এ ছাড়া দামি ব্যাগ, প্রসাধনসামগ্রী ও বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার কথাও দাবি করেছেন সুকেশ।
তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। এবার মামলায় সরকারি সাক্ষী হিসেবে নোরার বক্তব্য শোনার প্রক্রিয়া এগোতে পারে।
একই মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নামও জড়িয়েছে। তাকেও বিভিন্ন সময়ে তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ ও আদালতের মুখোমুখি হতে হয়েছে।
অন্যদিকে, এই মামলার কারণে পেশাগত জীবনে ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন নোরা ফাতেহি। তাঁর দাবি, বিতর্কের জেরে একাধিক বিজ্ঞাপন ও কাজ হারিয়েছেন তিনি।
সব মিলিয়ে, আলোচিত এই মামলায় আগামী ২ নভেম্বর নোরার আদালতে উপস্থিতি ঘিরে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ।