আন্তর্জাতিক ডেস্কঃ
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির দীর্ঘ সময় চালু অবস্থায় থাকার কারণে এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে ওমান পুলিশ।
নিহতরা হলেন— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা চারজনই একই পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই প্রবাসে ছিলেন। এর মধ্যে দুইজন অবিবাহিত। চলতি মাসের ১৫ তারিখে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তারা একসঙ্গে কেনাকাটা করতে বের হন। ফেরার পথেই ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
ওমান পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, গাড়িটি দীর্ঘ সময় বন্ধ না করে চালু অবস্থায় থাকায় ভেতরে বিষাক্ত গ্যাস জমে শ্বাসরোধজনিত মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে একই পরিবারের চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবরে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে গভীর শোক।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা, শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় জনপদে।