আন্তর্জাতিক ডেস্কঃ
আকাশপথে পরিচালন ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক উড়োজাহাজ চলাচলে নানা সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক রুট পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা Air India। এর অংশ হিসেবে আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ঢাকা-মুম্বাই সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যাও কমিয়ে আনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ার ইন্ডিয়া। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আকাশপথ ব্যবস্থাপনায় বিভিন্ন বিধিনিষেধের কারণে সাময়িক এই সমন্বয় করা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে ঢাকা ছাড়াও শিকাগো, সাংহাই, সিঙ্গাপুর ও মালেসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরা সরাসরি প্রভাবিত হবেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের ভোগান্তিতে ফেলার পরিবর্তে আগেভাগেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে, যাতে সামগ্রিক ফ্লাইট পরিচালনায় স্থিতিশীলতা বজায় থাকে।
সংস্থাটির নতুন সময়সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরগামী ফ্লাইটের সাপ্তাহিক সংখ্যা কমানো হয়েছে।
উত্তর আমেরিকার রুটেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দিল্লি-শিকাগো সার্ভিস আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। পাশাপাশি টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও হ্রাস করা হয়েছে। তবে ইতিবাচক দিক হিসেবে মুম্বাই-নেওয়ার্ক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া।
ইউরোপীয় গন্তব্যগুলোর মধ্যেও প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেন রুটে ফ্লাইট সংখ্যা আগের তুলনায় কমানো হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি সংকটের কারণে জুলাই পর্যন্ত এয়ার ইন্ডিয়ার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে—এমন গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে সংস্থাটি। তারা জানিয়েছে, এই সাময়িক পুনর্বিন্যাসের পরও প্রতি মাসে পাঁচটি মহাদেশে ১ হাজার ২০০-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
এয়ার ইন্ডিয়ার তথ্যমতে, উত্তর আমেরিকায় সপ্তাহে ৩৩টি, ইউরোপে ৪৭টি এবং যুক্তরাজ্যে ৫৭টি ফ্লাইট সচল থাকবে। এছাড়া দক্ষিণ এশিয়া ও দূরপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সপ্তাহে ১৫৮টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। মূলত দীর্ঘ দূরত্বের ব্যয়বহুল রুটগুলোর কার্যকারিতা ও সক্ষমতা পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এই সাময়িক কাটছাঁট করা হয়েছে।
যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন হয়েছে, তাদের জন্য বিকল্প ফ্লাইট, ভ্রমণের তারিখ পরিবর্তন কিংবা টিকিটের পূর্ণ অর্থ ফেরতের সুবিধা রাখার কথাও জানিয়েছে সংস্থাটি। যাত্রীদের কেবল এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া নির্দিষ্ট কোনো রুট বা টিকিট সংক্রান্ত তথ্য জানতে গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৈশ্বিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্তর্জাতিক নেটওয়ার্ককে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।