বিনোদন ডেস্কঃ
ঢালিউড সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। একজন অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সিনেমাটির সেন্সর সনদ বাতিল করেছে।
বুধবার (১৩ মে) বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার বক্তব্য অনুযায়ী, শুরুতে কোনো আপত্তি না থাকায় সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। এছাড়া চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি।
এ ঘটনার পর সিনেমাটির সেন্সর সনদ বাতিল করা হয়।
এদিকে সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমার নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে আইনগতভাবে লড়াইয়ের কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, এ সিদ্ধান্তে তার বড় আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, বিষয়টি যদি সত্য হয়, তাহলে তিনি আইনিভাবে মোকাবিলা করবেন এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাবেন।
অন্যদিকে সিনেমাটির অভিনেত্রী মৌসুমী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার দাবি, প্রথমে এটি একটি ছোট পরিসরের নাটক বা টেলিফিল্ম হিসেবে নির্মাণের কথা ছিল, পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া জেবা জান্নাতও অভিযোগ করেছেন, নাটকের কথা বলে তাকে যুক্ত করা হলেও পরবর্তীতে সিনেমা মুক্তির পরিকল্পনার কথা তিনি জানতে পারেন, যা নিয়ে তিনি আপত্তি জানান।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।