বিনোদন ডেস্কঃ
দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফিরেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিয়মভঙ্গ ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে ২০২১ সালে তার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল, পরে তা সাসপেন্ডও করা হয়।
অবশেষে দীর্ঘ প্রায় দুই বছরের নিষেধাজ্ঞা শেষে নিজের পুরোনো অ্যাকাউন্ট পুনরায় ফিরে পেয়েছেন এই ‘কন্ট্রোভার্সি কুইন’। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন কঙ্গনা।
ইনস্টাগ্রামে নিজের এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “টুইটারে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।”
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর সহিংসতা ইস্যুতে করা একটি বিতর্কিত মন্তব্যের জেরে তার অ্যাকাউন্টটি ঘৃণামূলক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করে এর নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। এ পরিবর্তনকে স্বাগত জানিয়ে কঙ্গনাও সামাজিকমাধ্যমে সক্রিয় হন। এরপর থেকেই তার অনুরাগীরা অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রচার চালিয়ে আসছিলেন।
অবশেষে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ তার পুরোনো অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেয়। ফলে দীর্ঘ বিরতির পর আবারও ইনস্টাগ্রামের পাশাপাশি এক্সেও সক্রিয় থাকবেন বলিউডের এই ফায়ারব্র্যান্ড অভিনেত্রী।