নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া দুই হজযাত্রী হলেন নাসরীন জাহান এবং নুসরাত শারমীন।
হজ অফিস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন। মোট ১৪৬টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত মেডিকেল সেন্টারগুলো থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০টি সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে হজ অফিস।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। এ পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।