স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৫–২৬ মৌসুমে আবারও শীর্ষে উঠল বসুন্ধরা কিংস। আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২–০ গোলের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে মারুফুল হকের দল।
এই জয়ের মাধ্যমে দেশের শীর্ষ লিগে নিজেদের ষষ্ঠ শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস। এর আগে সর্বশেষ তারা ২০২৩–২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল। এক মৌসুমের বিরতির পর আবারও ট্রফি পুনরুদ্ধার করল ক্লাবটি।
শুক্রবার (১৫ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ–পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি, ফলে বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ বদলে যায়। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন গোমেজ। মাত্র এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা, ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি।
দ্রুত দুই গোলের ধাক্কা সামাল দিতে পারেনি আবাহনী। একাধিক আক্রমণ করেও তারা আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করল কিংসরা। আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করল দেশের ফুটবলের অন্যতম সফল এই ক্লাব।