বিনোদন ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-কে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।
বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে কারিনার নামে ভুয়া মৃত্যুসংবাদ প্রচার করা হয়, যা দ্রুতই সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে। এ ঘটনার পরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কায়সার হামিদ।
শুক্রবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় নিয়ে এ ধরনের গুজব ছড়ানো অত্যন্ত অমানবিক। তাঁর ভাষায়, “আমরা যেকোনো সময় মরে যেতে পারি, দুই মিনিটেরও গ্যারান্টি নেই। তারপরও এমন বিষয় নিয়ে ব্যবসা করা উচিত নয়।”
তিনি আরও বলেন, পরিবার বর্তমানে কারিনার শারীরিক অবস্থাকে ঘিরে মানসিকভাবে কঠিন সময় পার করছে এবং এ অবস্থায় সবার কাছ থেকে সহানুভূতি ও মানসিক সমর্থন প্রয়োজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে কারিনা ভারতের চেন্নাইয়ের ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ফুসফুসে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও চিকিৎসা ধীরে ধীরে এগিয়ে চলছে। একই সঙ্গে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে, যেখানে সম্ভাব্য দাতা হিসেবে তার দুই ভাইয়ের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।
এর আগে জ্বর ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরে হেপাটাইটিস-এ ও ই জনিত সংক্রমণ ধরা পড়ে, যা পরে লিভার জটিলতায় রূপ নেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ে স্থানান্তর করা হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।