বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন ও ক্রীড়াঙ্গনে। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।
কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা, বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। শুক্রবার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি মেয়ের মৃত্যুসংবাদ জানান।
শোকাহত কায়সার হামিদ লেখেন, “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার কিছুক্ষণ আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।”
একই সঙ্গে এই কঠিন সময়ে যারা তাদের পরিবারের পাশে ছিলেন, দোয়া ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সবার কাছে মেয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চান কায়সার হামিদ।
পরবর্তীতে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, “মৃত্যু অনিবার্য। আমাদের সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম ও মৃত্যু মহান আল্লাহর হাতে। আমরা দিন-রাত কারিনার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছি। অত্যন্ত ব্যথিত হৃদয়ে শুধু এটুকুই বলি—হয়তো মহান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি। তাই নিজ রহমতের ছায়ায় তাকে নিজের কাছে নিয়ে গিয়েছেন।”
তিনি আরও লেখেন, “অত্যন্ত সরল, খোলা মনের, হাসিখুশি সুন্দর মনের মেয়েটিকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তার কবর নূরে পরিপূর্ণ করে দেন। একই সঙ্গে আমার পরিবারের সদস্য, তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই অসহনীয় শোক ধৈর্যের সঙ্গে বহন করার তৌফিক দান করেন। আমিন।”
কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, শিল্পী, ক্রীড়াবিদ ও ভক্তরা। তার অকাল প্রয়াণে ফুটবল অঙ্গন থেকে শুরু করে শোবিজ জগতেও গভীর শোকের আবহ তৈরি হয়েছে।