স্পোর্টস ডেস্কঃ
প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের ঘোষণা দিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন ক্রীড়া বিভাগকে ঘিরে বড় বড় সিদ্ধান্ত তুলে ধরেন কর্মকর্তারা।
গতকাল মতিঝিলে ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহামেডানের নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি বলেন, “এ বছর মোহামেডান ৯০ বছরে পা দিয়েছে। নয় দশকের এই ইতিহাস আমরা মহাআয়োজনের মধ্য দিয়ে উদযাপন করতে চাই।” তিনি জানান, অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
সভাপতি বুলু আরও দাবি করেন, ক্লাবের ইতিহাসে এবারই সবচেয়ে শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মোহামেডানকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোপীয় ধাঁচে ক্লাব পরিচালনার লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলায় মোহামেডান ফ্যান ক্লাব ও সাংগঠনিক কমিটি গঠন করা হবে। যেখানে এমন কমিটি নেই, সেখানে নতুন করে খেলাধুলাসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সাভারে ২৫ একর জমির ওপর নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পাশাপাশি মতিঝিলে ক্লাবের বর্তমান সম্পদকে কাজে লাগিয়ে আয়ের নতুন উৎস তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী ডেভেলপমেন্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসকে।
আগামী মৌসুমে শক্তিশালী ফুটবল দল গঠনের আশাবাদ ব্যক্ত করে সভাপতি জানান, ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে শিল্প উদ্যোক্তা মোস্তফা কামাল দায়িত্ব পেয়েছেন। তার নেতৃত্বে প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার লক্ষ্য রয়েছে ক্লাবের।
হকিতেও ঐতিহ্য ধরে রেখে শক্তিশালী দল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন কর্মকর্তারা। পাশাপাশি ক্রিকেট দল নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে সভাপতি বলেন, আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু নিয়েও কথা বলেন ক্লাব কর্মকর্তারা। তাদের মতে, কোনো ক্লাবের নিজস্ব মাঠে ফাইনাল আয়োজন হলে প্রতিপক্ষ মানসিকভাবে চাপে পড়ে। এ কারণে নিরপেক্ষ ভেন্যু চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে বিসিবির আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোহামেডানের পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানের নাম পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনের শেষ দিকে ক্লাবের ব্র্যান্ড ও ঐতিহ্য রক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। এখন থেকে ক্লাবের অনুমোদন ছাড়া দেশের কোথাও মোহামেডানের লোগো ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট করে দেন কর্মকর্তারা।