বিনোদন ডেস্কঃ
রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর ডিজিটাল প্রদর্শনীর ঘোষণা এসেছে। আগামী ২৪ মে মুঠোপর্দার প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’, আর কোরবানির ঈদের দ্বিতীয় দিন টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’।
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রায় দুই মাস পরও দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে দর্শক আগ্রহ ধরে রেখেছে।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
ট্রেনভ্রমণকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমার গল্পে উঠে এসেছে ভিন্ন ভিন্ন জীবনের মানুষের অপ্রত্যাশিত এক যাত্রার কাহিনি।
মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে যাত্রা করা চিকিৎসক আশহাব, নতুন জীবনের সন্ধানে বের হওয়া চিত্রা কিংবা অঙ্কের অধ্যাপক রশীদ উদ্দিন—সব চরিত্রই একসময় এসে মিলে যায় একই ট্রেনের কামরায়। আর সেই যাত্রাই বদলে দেয় তাদের জীবনের গতিপথ।
অন্যদিকে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ কোরবানির ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার।
সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাটি। পোস্টার, ঝলক কিংবা গানের প্রচারে বিলম্বের পাশাপাশি শব্দ, রঙ ও দৃশ্যপ্রযুক্তি নিয়েও দর্শকের নানা অভিযোগ ছিল। পরে অনুমোদন ছাড়া কিছু গান ও দৃশ্য সংযোজনের অভিযোগে সিনেমাটির ছাড়পত্র স্থগিত করা হয়।
এদিকে কোরবানির ঈদ উপলক্ষে চ্যানেল আই সাত দিনে সাতটি সিনেমার টেলিভিশন প্রদর্শনীর আয়োজন করেছে। ঈদের দিন প্রচারিত হবে ‘নীল চক্র’। তৃতীয় দিনে থাকছে ‘সাবা’, চতুর্থ দিনে ‘টগর’, পঞ্চম দিনে ‘জয়া আর শারমিন’, ষষ্ঠ দিনে ‘বাড়ির নাম শাহানা’ এবং সপ্তম দিনে ‘শরতের জবা’। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।