স্পোর্টস ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও বিশ্বকাপের আগে উসমান দেম্বেলের চোট নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল পিএসজি ও ফ্রান্স শিবির। তবে মেডিকেল পরীক্ষার ফল আশাব্যঞ্জক হওয়ায় স্বস্তি ফিরেছে দুই দলেই।
সোমবার এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ডান পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেম্বেলেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। আগামী কয়েকদিন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
২৯ বছর বয়সী ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড রবিবার লিগ ওয়ানের শেষ ম্যাচে প্যারিস এফসির বিপক্ষে প্রথমার্ধেই মাঠ ছাড়েন। পরে তার বদলি হিসেবে নামানো হয় গনসালো রামোসকে।
প্রথমে কোচ লুইস এনরিক ধারণা করেছিলেন, ক্লান্তির কারণেই দেম্বেলেকে বদলি করতে হয়েছে। তবে পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য ঝুঁকি এড়াতেই তাকে আগেভাগে তুলে নেওয়া হয়েছিল।
দেম্বেলের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখন সতর্ক নজর রাখছে পিএসজি ও ফ্রান্স— দুই পক্ষই।
আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
অন্যদিকে, আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপেও ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে দেম্বেলেকে।