স্পোর্টস ডেস্কঃ
ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তি ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের পর কিংবদন্তি এই কোচকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।
সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে বিবিসি স্পোর্ট। যদিও ম্যানচেস্টার সিটি এখনো আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গুয়ার্দিওলার সঙ্গে তাদের আগামী মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে এবং তারা চান তিনি দায়িত্বে থাকুন। তবে ক্লাবের অভ্যন্তরে ইতোমধ্যেই সম্ভাব্য বিদায় আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
খেলোয়াড়দের মধ্যেও এমন ধারণা তৈরি হয়েছে যে, অ্যাস্টন ভিলার বিপক্ষের ম্যাচটিই হতে পারে গুয়ার্দিওলার শেষ ম্যাচ।
স্প্যানিশ এই কোচের অবদান স্মরণীয় করে রাখতে নানা পরিকল্পনাও বিবেচনা করছে সিটি। ক্লাবের সম্প্রসারিত নর্থ স্ট্যান্ড তার নামে নামকরণের চিন্তাও রয়েছে বলে জানা গেছে।
এদিকে গুয়ার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছে সাবেক চেলসি কোচ এনজো মারেস্কার নাম। ইতালিয়ান এই কোচ আগে ম্যানচেস্টার সিটিতে গুয়ার্দিওলার সহকারী হিসেবেও কাজ করেছেন।
গত এক দশকে ম্যানচেস্টার সিটিকে ইউরোপের অন্যতম সফল ক্লাবে পরিণত করেছেন গুয়ার্দিওলা। তার অধীনে ক্লাবটি জিতেছে ২০টি শিরোপা, যার মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি এফএ কাপ এবং ৫টি ইএফএল কাপ।
ক্লাব ইতিহাসের সেরা কোচ হিসেবেও তাকে বিবেচনা করা হয়। চলতি মৌসুমেও সপ্তম প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে রয়েছে সিটি। এরই মধ্যে দলটি জিতেছে এফএ কাপ ও কারাবাও কাপ।
গত কয়েক মাস ধরে গুয়ার্দিওলার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চললেও তিনি বারবার নিজের চুক্তির কথা উল্লেখ করেছেন। এফএ কাপ ফাইনালের আগে তিনি বলেন, “আমার এখনো এক বছরের চুক্তি আছে।” একইসঙ্গে নর্থ স্ট্যান্ড তার নামে করার আলোচনা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।