স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ অপেক্ষা, ইনজুরি আর অনিশ্চয়তার অধ্যায় পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে ফিরলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের হেক্সা মিশনে সবচেয়ে বড় ভরসার নাম হিসেবে আবারও জায়গা করে নিলেন এই সান্তোস তারকা।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে জমকালো অনুষ্ঠানে গতকাল ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আর সেখানেই উচ্চারিত হয় নেইমারের নাম—যা মুহূর্তেই পুরো আয়োজনকে রূপ দেয় উচ্ছ্বাসে।
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর ইনজুরির পর জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ পুনর্বাসন, অস্ত্রোপচার ও ফিটনেস ফিরে পাওয়ার লড়াই শেষে তিনি আবারও জায়গা করে নিলেন বিশ্বমঞ্চে।
সউদী আরবের আল হিলাল অধ্যায় শেষে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই নিজেকে নতুনভাবে গড়ে তোলেন তিনি। সেই পারফরম্যান্সই শেষ পর্যন্ত আনচেলত্তির আস্থার দরজা খুলে দেয়।
এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। কোচ আনচেলত্তি তাকে নিয়ে আশাবাদী, জানিয়ে দিয়েছেন ফিটনেস থাকলে দলে তার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দল থেকে বাদ পড়েছেন এডার মিলিতাও, রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো কয়েকজন তারকা। তবে নেইমারকে কেন্দ্র করেই নতুন করে স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।