স্পোর্টস ডেস্কঃ
দেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার নারী ক্রিকেটারদের জন্য আলাদা অনার্স বোর্ড স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই উদ্যোগকে নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গত বছর পুরুষ ক্রিকেটারদের জন্য অনার্স বোর্ড স্থাপন করা হয়েছিল, যেখানে বাংলাদেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা ক্রিকেটারদের নাম সংরক্ষিত রয়েছে। তবে নারী ক্রিকেটারদের জন্য কোনো পৃথক স্বীকৃতি না থাকায় বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আক্ষেপ ছিল।
সেই প্রেক্ষাপটে এবার একই স্টেডিয়ামের প্রবেশমুখের বিপরীত পাশে নারী ক্রিকেটারদের জন্য অনার্স বোর্ড স্থাপন করা হয়েছে। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নারী ও পুরুষ—উভয় দলই দেশের প্রতিনিধিত্ব করে, তাই সম্মানও সবার সমানভাবে প্রাপ্য। এই উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটে অন্তর্ভুক্তিমূলক স্বীকৃতির একটি নতুন দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে।