আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ হরমুজ প্রণালী দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে যাতায়াত করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড বাহিনী। সংস্থাটির দাবি, জাহাজগুলোর পারাপার সম্পূর্ণভাবে তাদের নৌবাহিনীর নিরাপত্তা ও সমন্বয়ের অধীনে সম্পন্ন হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, পারাপার হওয়া জাহাজগুলোর মধ্যে জ্বালানি তেলবাহী ট্যাংকার, কনটেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানও রয়েছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্যের বড় একটি অংশ পরিবাহিত হয়। এ কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালীর স্বাভাবিক চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নৌবাহিনী সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।