বিনোদন ডেস্কঃ
মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অপরাধীর দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তমা লিখেছেন,
“ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগেই। এমন বিচার হবে, যেন এসব নিকৃষ্ট ও অসুস্থ মানসিকতার অপরাধীরা অপরাধ করার চিন্তাও স্বপ্নে ভাবতে না পারে।”
ধর্ষণ মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন,
“কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?”
নিহত রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তমা।
তার ভাষায়,
“রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।”
প্রসঙ্গত, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানিয়েছে, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল।