স্পোর্টস ডেস্কঃ
সৌদি প্রো লিগে দামাককে ৪-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে আল নাসর। এই জয়ের মাধ্যমে ছয় মৌসুম পর লিগ চ্যাম্পিয়ন হলো দলটি। একই সঙ্গে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি ক্রিস্তিয়ানো রোনালদো-এর প্রথম বড় শিরোপা।
ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আল নাসর। সাদিও মানে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কিংসলে কোমান। পরে স্পটকিকে গোল করে ব্যবধান কমান মরলি সিলা। তবে এরপর জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো।
৩৪ ম্যাচে ২৮ জয় ও ২ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে আল নাসর। এটি ক্লাবটির ১১তম লিগ শিরোপা। সর্বশেষ তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮–১৯ মৌসুমে।
অন্যদিকে, আল ফায়হাকে ১-০ গোলে হারিয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আল হিলাল। পুরো মৌসুমজুড়ে দুই দলের শিরোপা লড়াই শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় খুব কাছাকাছি ব্যবধানে।
এবারের আসরে রোনালদোর গোলসংখ্যা ২৮। হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা এই পর্তুগিজ তারকার ক্যারিয়ার গোল এখন ৯৭৩-এ পৌঁছেছে।