আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের খরচ ভেনেজুয়েলা থেকে আহরিত তেল রাজস্ব দিয়ে বহু গুণে পূরণ করা সম্ভব হয়েছে।
একটি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে অর্জিত জ্বালানি সম্পদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ব্যয় প্রায় ২৫ গুণ পর্যন্ত মিটিয়ে ফেলেছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার তেলনীতি ও উৎপাদন থেকে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে, যা তার প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত।
এদিকে সাম্প্রতিক সময়ে প্রকাশিত পেন্টাগনের তথ্যে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, বাস্তব ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।
ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে একটি সার্বভৌম দেশের সম্পদ ব্যবহার করে যুদ্ধ ব্যয় মেটানোর বিষয়টি নিয়ে।