আন্তর্জাতিক ডেস্কঃ
ড্রোন হামলার ঝুঁকি থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা করতে সংযুক্ত আরব আমিরাত দেশের তেল ডিপোগুলোর ওপর লোহার তৈরি সুরক্ষা খাঁচা বসানোর উদ্যোগ নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, তেল ডিপোগুলোর ওপর বিশেষ নকশায় ধাতব কাঠামো স্থাপন করা হচ্ছে, যাতে আকাশ থেকে নিক্ষেপ করা ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস খাত বিশেষভাবে ঝুঁকির মুখে পড়ে।
প্রতিবেদনে বলা হয়, চলমান উত্তেজনার মধ্যে বিভিন্ন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে, যার প্রভাব পড়ছে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তায়।
দেশটির মোট অর্থনীতির একটি বড় অংশ জ্বালানি খাতনির্ভর হওয়ায় এসব অবকাঠামোর নিরাপত্তা এখন জাতীয় উদ্বেগে পরিণত হয়েছে। সেই কারণেই ড্রোন প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে লোহার খাঁচা নির্মাণের পথ বেছে নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রচলিত সামরিক নিরাপত্তার পাশাপাশি এ ধরনের কাঠামোগত সুরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার নতুন বাস্তবতাকে তুলে ধরছে।