স্পোর্টস ডেস্কঃ
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন পেপ গুয়ার্দিওলা। দীর্ঘ এক দশক ধরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে অসংখ্য শিরোপা এনে দেওয়ার পর এবার তিনি বিদায়ের পথে।
গুয়ার্দিওলা জানিয়েছেন, এই সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং দীর্ঘ সময়ের অনুভূতির ফল। তার ভাষায়, টানা উচ্চচাপের প্রতিযোগিতা, শিরোপার প্রত্যাশা এবং নিয়মিত দায়িত্ব পালনের জন্য যে মানসিক ও শারীরিক শক্তি প্রয়োজন, তা আর আগের মতো ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই সময় হয়েছে দায়িত্ব ছেড়ে দেওয়ার।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় একই জায়গায় থাকা কোনো প্রতিষ্ঠানের জন্য সবসময় ইতিবাচক নাও হতে পারে। নতুন পরিবেশ, নতুন মুখ এবং পরিবর্তনই সবার জন্য ভালো—এমন বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১০ বছরের এই অধ্যায়ে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৭টি বড় শিরোপা এনে দেন গুয়ার্দিওলা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ মনে করেন, ডাগআউটে পরিবর্তনের এটাই উপযুক্ত সময়।
বিদায়ী অধ্যায়ের শেষ ম্যাচ হিসেবে রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি থাকছে তার সামনে।