নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
রোববার (২৪ মে) সকালে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে আগামী ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ৭ দিন ভারত থেকে এই বন্দরে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সকল প্রকার খালাস কার্যক্রমও। ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পুনরায় বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানিসহ সকল বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্ত পারাপারে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম। তিনি বলেন, “কোরবানির ঈদ উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত যথারীতি চালু থাকবে।”