বিনোদন ডেস্কঃ
বিশ্বব্যাপী দারুণ সাফল্যের পর পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক ব্লকবাস্টার সিনেমা ‘মাইকেল’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। নানা বিতর্ক ও সমালোচনার মাঝেও এই ঘোষণা এসেছে, যা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
লায়ন্সগেটের মোশন পিকচার বিভাগের চেয়ার অ্যাডাম ফোগেলসন সম্প্রতি এক আর্থিক প্রতিবেদনের সভায় জানান, সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কাজ এগিয়ে চলছে। তাঁর ভাষায়, প্রথম পর্বে মাইকেল জ্যাকসনের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং জনপ্রিয় সংগীত যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি। সেই বাদ পড়া অংশগুলোই এবার নতুন কিস্তিতে যুক্ত করা হবে।
চলতি বছরের এপ্রিলে মুক্তির পর ‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭১ কোটি ৫৮ লাখ ডলার। প্রথম কিস্তির গল্প শেষ হয়েছিল ১৯৮৮ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ব্যাড’ ট্যুরের একটি ঐতিহাসিক পারফরম্যান্সের মধ্য দিয়ে।
তবে সিনেমাটি শুরু থেকেই বিতর্কের বাইরে ছিল না। মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগ ঘিরে শুটিং প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হয়। এমনকি কিছু দৃশ্য পুনরায় বাদ দেওয়ার ঘটনাও ঘটে।
সিক্যুয়েলে এসব বিতর্কিত বিষয় কীভাবে উপস্থাপন করা হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে অ্যাডাম ফোগেলসন ইঙ্গিত দিয়েছেন, গল্পটি পুরোপুরি সরল সময়রেখা অনুসরণ নাও করতে পারে; বরং সময়ের সামনে-পেছনে গিয়ে বিভিন্ন অধ্যায় তুলে ধরা হতে পারে।
প্রযোজনা প্রতিষ্ঠান আরও জানিয়েছে, আগের শুটিংয়ের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ অংশ ইতিমধ্যেই ধারণ করা আছে, যা নতুন কিস্তিতে ব্যবহার করা হতে পারে।