আন্তর্জাতিক ডেস্কঃ
ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় জড়িত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়।
ওয়াশিংটনের দাবি, মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি প্রতিহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে।
এমন এক সময় এই হামলা হলো, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অবসানে দ্রুত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা এখনো স্পষ্ট নয়।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়। উপকূলীয় এই শহরে ইরানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাস এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে। যদিও হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
বিশ্লেষকদের মতে, এই হামলা চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। যদিও গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উভয় পক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। পরে অবশ্য তিনি আলোচনায় তাড়াহুড়ো না করার ইঙ্গিত দেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।