আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র “বিকল্প পথে” অগ্রসর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি জানিয়েছেন, একটি শক্তিশালী সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন এখনো আগ্রহী।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, তারা আশা করেছিলেন খুব শিগগিরই ইতিবাচক অগ্রগতি আসবে। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তের বিষয়ে আশাবাদী হওয়ার সময় হয়নি।তিনি আরও জানান, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং নৌ-অবরোধ শিথিল করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনায় রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, আলোচনার কিছু বিষয়ে অগ্রগতি হলেও চূড়ান্ত চুক্তি এখনই হওয়ার সম্ভাবনা নেই। তিনি দাবি করেন, বর্তমান আলোচনা মূলত যুদ্ধবিরতি কেন্দ্রিক, পারমাণবিক ইস্যু কেন্দ্রিক নয়।
তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা কঠিন এবং তেহরান কোনো হুমকিতে ভয় পায় না।
গত এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলমান রয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় তৈরি খসড়া সমঝোতা অনুযায়ী, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করবে।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি বৃহৎ কূটনৈতিক উদ্যোগেও চাপ দিচ্ছে, যা আলোচনাকে আরও জটিল করে তুলেছে।
সব মিলিয়ে কূটনৈতিক এই অস্থির পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের “বিকল্প পথ” ব্যবহারের ইঙ্গিত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।