নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের বিরাব এলাকায় কৃষিজমি দখল, ইটভাটার মাধ্যমে পরিবেশ ধ্বংস, রাজনৈতিক হয়রানি ও সন্ত্রাসী হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে।
গতকাল সোমবার সকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী-এর বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্থানীয় বাসিন্দা মো. কাউছার মিয়া। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে মাটি কাটা, ইটভাটার ব্যবসা ও আধিপত্য বিস্তারের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।
তিনি আরও অভিযোগ করেন, কৃষিজমি দখল ও পরিবেশের ক্ষতির পাশাপাশি প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও নিয়মিত ঘটছে।
সংবাদ সম্মেলনে কাউছার মিয়া জানান, গত ১৬ মে রাতে বিরাব এলাকায় তার ভাগিনা আলিফ হোসেনকে কেন্দ্র করে মোজাম্মেল, রিকাত, হাসান, মিঠুসহ ১০–১২ জনের একটি দল পূর্বশত্রুতার জেরে অতর্কিত হামলা চালায়। এতে আলিফ গুরুতর আহত হন বলে তিনি দাবি করেন।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। কাউছার মিয়ার দাবি, ভিডিওটি পুরোনো একটি ঘটনার অংশ, বর্তমান ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।