• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

আদ-দ্বীনে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু: রহস্য উদঘাটনে মাঠে সিআইডি

প্রতিবেদক / ১০ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোক, উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দুপুরে সিআইডির ক্রাইম সিন ইউনিট হাসপাতালটি পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।

সরেজমিনে দেখা যায়, সিআইডির একটি বিশেষজ্ঞ দল হাসপাতালের পোস্ট অপারেটিভ ফ্লোর ও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) ঘুরে দেখে। তারা ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, পরিবেশগত উপাদানসহ বিভিন্ন আলামত পরীক্ষা করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই তদন্ত কার্যক্রম।

সিআইডির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
এ বিষয়ে শেখ জাহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৬ নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। সিআইডির তদন্ত প্রতিবেদনের পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের পর অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, বর্তমানে আরও পাঁচ নবজাতক এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন কয়েকজন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কিছু শিশুর শরীরে নীলাভ বর্ণ দেখা যাওয়ার তথ্যও উদ্বেগ বাড়িয়েছে।

ঘটনার পর হাসপাতালজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। অনেক অভিভাবক চিকিৎসা ব্যবস্থাপনা ও হাসপাতালের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করা হতে পারে। ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা