স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। দীর্ঘ অনিশ্চয়তা ও কূটনৈতিক জটিলতার পর এই সিদ্ধান্তে দলের অংশগ্রহণ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে হোয়াইট হাউসের একটি উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে জানা গেছে, শুধু খেলোয়াড়দের ভিসা অনুমোদন পেলেও দলের কয়েকজন কোচিং স্টাফ ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো ঝুলে রয়েছে।
এর আগে ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে ইরান দল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় তাদের মূল ক্যাম্প স্থাপন করে। পরিকল্পনা ছিল, তারা সেখান থেকে ম্যাচের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।
আসন্ন আসরে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হবে।
এরপর একই শহরে ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে।