বিনোদন ডেস্কঃ
কে-পপের বিশ্বজুড়ে জনপ্রিয় বয় ব্যান্ড BTS তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভক্তদের জন্য আনছে বিশেষ আয়োজন।
এ উপলক্ষে তাদের জনপ্রিয় অ্যালবাম ‘আরিরাং’-এর সীমিত সংস্করণের বিশেষ ভিনাইল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
গত ২০ মার্চ প্রকাশিত পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ দিয়ে দলটি দীর্ঘ বিরতির পর আনুষ্ঠানিকভাবে সংগীতে প্রত্যাবর্তন করে। অ্যালবামের ‘সুইম’ গানের মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে সেই প্রত্যাবর্তন আরও স্মরণীয় হয়ে ওঠে।
নতুন সংস্করণে মোট ১৪টি গান থাকছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে দুটি এক্সক্লুসিভ বোনাস ট্র্যাক। এর মধ্যে একটি বোনাস ট্র্যাক নির্মিত হয়েছে পরিচালক তানু মুইনোর তত্ত্বাবধানে, যেখানে দলের সব সদস্যকেই দেখা যাবে। অন্যদিকে, দ্বিতীয় বোনাস ট্র্যাকে থাকছে বহুল প্রতীক্ষিত ‘নরমাল’-এর কোরিয়ান সংস্করণ, যা আগেই আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।
বিগহিট মিউজিক জানিয়েছে, বিশ্বব্যাপী এই ভিনাইলের প্রি-অর্ডার ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী ১২ জুন, অর্থাৎ প্রতিষ্ঠাবার্ষিকীর একদিন আগে এর আনুষ্ঠানিক প্রকাশ হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আরও বড় আয়োজনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে দুটি বিশেষ কনসার্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে দলের পক্ষ থেকে।