বিনোদন ডেস্কঃ
আজ ৬ জুন, চার দশকেরও বেশি সময়ের সংগীতযাত্রা পেরিয়ে ৪২ বছরে পদার্পণ করল একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও দলটি নতুন গান প্রকাশ ও বিশেষ কনসার্ট ঘিরে ব্যস্ত সময় পার করছে।
দলনেতা শেখ মনিরুল আলম টিপু জানান, কাকতালীয়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই একটি প্রাইভেট কনসার্টে অংশ নিতে হচ্ছে তাঁদের। সেখানেই ঘরোয়া পরিসরে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপনের পরিকল্পনা রয়েছে।
এ মাসেই ওয়ারফেজের দুটি নতুন গান প্রকাশের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৯৯৬ সালের আলোচিত অ্যালবাম ‘জীবনধারা’র জনপ্রিয় গান ‘ক্রমশ’-এর নতুন সংগীতায়োজন করা সংস্করণ প্রকাশ করা হবে। পাশাপাশি একটি চলচ্চিত্রের শিরোনাম গানও শিগগিরই প্রকাশের অপেক্ষায় রয়েছে।
আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ারফেজের একক কনসার্ট। ‘প্লে লিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক এই আয়োজনে নিজেদের গান পরিবেশনের পাশাপাশি কিং অব পপ মাইকেল জ্যাকসনের গানও পরিবেশন করবে ব্যান্ডটি। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানায়, সাম্প্রতিক সময়ে তাঁর জীবন ও সংগীত নিয়ে তৈরি বায়োপিক প্রকাশের পর আবারও বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছে তাঁর গান।
উল্লেখ্য, চলতি বছর একুশে পদকে ভূষিত হয় ওয়ারফেজ। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন শেখ মনিরুল আলম টিপু, ইব্রাহিম আহমেদ কমল, পলাশ নূর, নাঈম হক রজার, শামস, সামির হাফিজ ও সৌমেন দাস।