চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পরবর্তীতে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ তারিখে বাংগাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ১২ ব্যাটালিয়ন ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির দ্রুত ও কৌশলগত অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।
পরে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। বিজিবির পর্যবেক্ষণে জানা যায়, পরবর্তীতে তারা আর সীমান্তের ১৫০ গজের ভেতরে দেখা যায়নি।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাদেরকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।