নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ জুন) সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচির সূচনা হয়।
অভিযানের অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি বলেন, এডিস মশার বিস্তার রোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়; বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।